ফটিকছড়িতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামীসহ দুজনের বিরুদ্ধে হত্যা মামলা
চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নিহা (১৯) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা রুপা আকতার বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেছেন। মামলায় গৃহবধূর স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও অজ্ঞাতনামা ৩–৪ জনকে আসামি করা হয়েছে। সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে নিহার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মারুফ পারভেজ সেখানে ছিলেন না বলে জানা গেছে। নিহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতানের বাড়ির লোকমান হাকিমের মেয়ে। নিহতের মা রুপা আকতারের দাবি, বিয়ের পর থেকেই মেয়ের সঙ্গে স্বামীর পারিবারিক বিরোধ চলছিল। বিভিন্ন সময় নিহাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে জানান তিনি। রুপা আকতারের অভিযোগ, মৃত্যুর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। মূলত তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল আলম খান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় নিহতের মা মামলা করেছেন। ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।