চট্টগ্রামে আলোকিত শিখা ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

“সবুজের আলপনায় প্রকৃতি গড়ি” প্রতিপাদ্যে সীতাকুণ্ডে সামাজিক মানবিক সংগঠনের পরিবেশবান্ধব পদক্ষেপ

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সামাজিক মানবিক সংগঠন আলোকিত শিখা ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ এর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

“বৃক্ষে বৃক্ষে ভুবনের চারিপাশে ভরি, সবুজের আলপনায় প্রকৃতি গড়ি” — এই চিরন্তন বার্তাকে ধারণ করে সংগঠনের নেতৃবৃন্দ গত ১ আগস্ট (শুক্রবার) এই মহতী উদ্যোগের সূচনা করেন। এর মাধ্যমে শুধু প্রকৃতি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সবুজ ও সুস্থ পৃথিবীর বীজ বপন করা হলো।

👉🏻 বৃক্ষরোপণ কর্মসূচির মুহূর্তের ছবি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুজাম্মেল হোসেন, সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ গোলাম সরওয়ার, প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এস.এম. আবু বকর শহীদ, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, জিএসএম নোটস্ এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মদ আইয়ুব খাঁন, সহ-অর্থ সম্পাদক আরিফ আহমেদ হৃদয়, দপ্তর সম্পাদক চিশতিয়া খাঁন, মিজানআল আমিন সহ আরও অনেকে।

আলোকিত শিখা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবার তারা পরিবেশ সুরক্ষায় এক নতুন মাত্রা যোগ করল এই মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে। কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় হাজারো গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিজ নিজ জায়গায় অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে।

প্রকৃতি রক্ষায় এমন মহতী উদ্যোগ সমাজে সচেতনতা তৈরি করবে এবং নতুন প্রজন্মকে পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে — এমনটাই প্রত্যাশা করেছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *